Thursday, October 9, 2014

আল্লাহর কাছে বিনয় সবচেয়ে প্রিয়













পবিত্র কোরআন ও হাদিসে অহংকার থেকে দূরে থাকতে বলা হয়েছে। আল-কোরআনে অহংকারী শয়তানের পতনের কাহিনী বর্ণিত হয়েছে মানুষের শিক্ষার জন্য। তাতে দেখা যায়, নিজের অহংকারবোধের কারণে শয়তান আল্লাহর আদেশে আদম (আ.)-কে সেজদা করতে অস্বীকার করে, যার ফলে সে জান্নাতের সুশোভিত বাগিচা থেকে বিতাড়িত হয়। অহমিকা হচ্ছে এমন এক আচরণ যা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, এর বিপরীত হচ্ছে বিনয় যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
মানুষের অহমিকা ও গর্বের পরিণতি বর্ণনা করে কোরআনে অনেক ঘটনার উল্লেখ আছে। উদাহরণ স্বরূপ বলা যায়, পবিত্র কোরআনে অহংকারী ফেরাউনের কাহিনী বর্ণিত হয়েছে, যার পরিণতি হয়েছিল ধ্বংস এবং পুরো সেনাবাহিনীসহ সলিল সমাধি। আল-কোরআনে আরও বর্ণিত হয়েছে, অহংকারী ফেরাউন এবং তার বাগানের সাথীদের কথা। তাদের সবার যাবতীয় সম্পদ নষ্ট হয় তাদের অহংকারের কারণে। যদিও এসব ঘটনায় এই জীবনের শাস্তির কথা বলা হয়েছে তবে অহংকারের আসল শাস্তি তো হবে পরকালে। রসুল (সা.)-এর একটি হাদিসে অহংকারের বিষয়ে ইসলামের কঠোর অবস্থানের বিষয়টি জানা যায়। তা হচ্ছে, 'তোমাদের যার মধ্যে কণা পরিমাণ অহংকারও আছে তাকেই জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে।' মানুষের জন্য নিকৃষ্টতম অহংকার হচ্ছে সত্য তার সামনে স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পর এবং সে তা উপলব্ধি করার পরও তা প্রত্যাখ্যান করা। সবচেয়ে বড় সত্য হচ্ছে, 'আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই।' এই সত্যকে প্রত্যাখ্যান হচ্ছে সবচেয়ে শাস্তিযোগ্য অপরাধ (এটা হচ্ছে আল্লাহর সঙ্গে অহংকার)। আর এক ধরনের অহংকার হচ্ছে অন্যান্য মানুষের সঙ্গে আচরণে যা প্রকাশিত হয়, যথা পোশাক ও হাঁটাচলায় অহংকার, মানুষের প্রতি অবজ্ঞা ও তাচ্ছিল্যভাব, রূঢ়তা ইত্যাদি। মর্যাদা সংক্রান্ত ইসলামী পরিভাষা হচ্ছে 'ইজ্জত', যার অর্থ সম্মান ও মর্যাদা দুটোই। ইসলামী পরিভাষায় ইজ্জত হচ্ছে এমন মর্যাদা যা সরাসরি আল্লাহর প্রতি ইমান আনার সঙ্গে সম্পৃক্ত।
লেখক : খতিব, হাতিরপুল বাইতুল মুমিন জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা।

0 comments:

Post a Comment